কলকাতা- ২ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) শুরু হওয়ার ইঙ্গিত মিলল! ফের কমিশন ও বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সরাসরি রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।’
মমতার অভিযোগ বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দেওয়া হচ্ছে। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুলেছেন এখনও ভোট ঘোষণা হয়নি তাহলে কীভাবে জেলায় জেলায় বৈঠক করছে নির্বাচন কমিশন? এসআইআরের নামে এনআরসি চালু করা চেষ্টা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মমতা।
উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ও ঝাড়গ্রাম জেলার বিএলও, ইআরও (ERO), এইআরওদের (AERO) সঙ্গে বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। সেই বৈঠকে ইঙ্গিত মিলেছে ২ নভেম্বর থেকে বাংলায় এসআইআর চালু হতে পারে। তাতেই ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মানুষ বর্তমানে দুর্যোগের কারণে দুর্ভোগের মধ্যে আছে। তাঁরা কীকরে সব তথ্য দেবে?
এছাড়াও তিনি বলেন ‘অনেক মানুষ বাইরে আছেন, তাড়াহুড়ো করে নাম বাদ দিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না।’ তাঁর অভিযোগ, এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র চলছে। অসম সরকার বাংলার নাগরিকদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
