কলকাতা- বোলপুরের রাস্তায় মুখ্যমন্ত্রী। হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বোলপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যজুড়ে ভাষা আন্দোলন করছে তৃণমূল। আজ বোলপুরের ট্যুরিস্ট লজ মোড়-জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিনরাজ্যে বাংলাভাষীদের প্রতি যে অত্যাচার চলছে তার প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল ছিল নানুর দিবস। গতকালই বীরভূমে গিয়েছিলেন তৃণমূলনেত্রী।
আজ বোলপুর থেকে একটি প্রশাসনিক বৈঠকও করেন তিনি। এরপর যোগ দেন পদযাত্রায়। বাঙালি অস্মিতাকে রক্ষার জন্য তৃণমূলের প্রচার এখন তুঙ্গে। একুশের জুলাইয়ের সভা থেকেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন যে রাজ্যপজুড়ে ভাষা আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। তারই একটি বোলপুরের পদযাত্রা।
শনিবার থেকেই নেত্রীর ডাকে রাস্তায় নেমেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ২ অগাস্ট থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি চলবে। একুশে জুলাইয়ের আগেও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ ভাষা আন্দোলনের প্রথম দিনেই বোলপুর থেকে পদযাত্রায় হাঁটছেন তিনি।
