তিনটি মেট্রো রুটের উদ্বোধন শুক্রবার, রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মমতা!

কলকাতা- শুক্রবার ২২ অগাস্ট কলকাতায় নতুন তিন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠান। তবে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নীতিগত কারণে অনুষ্ঠানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রেল জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীও উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন।

বিজেপি সরকারের মদতে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর ভিনরাজ্যে ভাষাসন্ত্রাসের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্র সরকারের কর্তাদের সঙ্গে একাসনে বসতে চান না মুখ্যমন্ত্রী।

রেলের এই প্রকল্পগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা। অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন। এতদিন ধরে ঢিমেতালে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি।

চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। রেলমন্ত্রী হয়ে বাংলায় অসংখ্য কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক ঘটনার জেরে নষ্ট হয়েছে।

মমতার শুরু করা একাধিক প্রকল্পে, বরাদ্দ করা টাকায় এবার বিজেপি উদ্বোধন করে নিজেদের নাম লেখানো ফলক বসাতে চায়। প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ডাকে সাড়া দিলেন না এবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *