কথা রাখলেন মুখ্যমন্ত্রী! পরিযায়ী শ্রমিকদের জন্য খোলা হচ্ছে ‘শ্রমশ্রী’ পোর্টাল

কলকাতা- ২৬-এর বিধানসভা ভোটের আর ৮-৯ মাস বাকি। তার আগে সোমবার বিকেলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে বাংলার যাঁরা কাজ করছেন, তাঁরা ঘরে ফিরলে তাঁদের সাময়িক ভাতা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে ভাতার নাম হল ‘শ্রমশ্রী’।

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হল এমনই। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ব্যাপারে ওই বৈঠকেই প্রস্তাব অনুমোদিত হয়। তার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান। তাঁদের স্বার্থেই ‘শ্রমশ্রী’ চালু করছে রাজ্য সরকার।

এটি মূলত উৎসাহ ভাতা। বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য উৎসাহ দিতেই এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলার ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক ইতিমধ্যে শ্রমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *