কলকাতা- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপি। পদ্মাপারে ৩০ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী।
প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পরিবর্তনের আবহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দুই বাংলার সুসম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় করার প্রত্যয় জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক।’
বিএনপি চেয়ারম্যানকে সরাসরি অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে। তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’
রাজনৈতিক মহলের মতে, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতা আগামী দিনে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ইতিবাচক ক্ষেত্র তৈরি করলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের লক্ষ্যমাত্রা ২১২ আসনে জয়ী বিএনপি জোট।
