কলকাতা- বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানাতে পারে এমন ঘটনা! নৃশংস ঘটনার সাক্ষী রইল দিনহাটার কুর্শাহাট এলাকা।
শনিবার বিকেলে ভোনাথপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ভবঘুরের গলাকাটা দেহ উদ্ধার হয়। পুলিশি তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা সবাইকে অবাক করেছে।
ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সূত্র ধরে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ফিরদৌস আলম নামে এক নেশাগ্রস্ত যুবককে গ্রেপ্তার করে। জেরার মুখে ফিরদৌস স্বীকার করে, অন্য কোনও উদ্দেশ্য নয়, কেবল নরমাংস খাওয়ার লোভেই সে ওই ভবঘুরেকে খুন করেছিল।
খুনের পর ফিরদৌস ওই ভবঘুরের দেহ একটি স্থানীয় কলপারে ধুয়েছিল মাংস খাওয়ার পরিকল্পনা নিয়েই। এসডিপিও-র মতে, এটি একটি বিরলতম ঘটনা। অভিযুক্তের মানসিক অসুস্থতার কোনও নথি পাওয়া না গেলেও, সে নেশায় আসক্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আদালত তাকে চার দিনের পুলিশি হেপাজতে পাঠিয়েছে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
এই ঘটনার পর থেকেই কুর্শাহাটের ভোনাথপুর এলাকায় থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।
