কলকাতা- এর আগে ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে পরেশ রাওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নজর কেড়েছিলেন মিমি চক্রবর্তী। এবার সইফ আলি খানের ছবিতে বাংলার নায়িকা।
নেহরুর আমলে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে সামাল দিয়েছিলেন এক বঙ্গসন্তান, সেই কাহিনিই ‘হাম হিন্দুস্তানি’ ছবিতে নেটফ্লিক্সের পর্দায় ফুটে উঠবে। সইফ, প্রতীক গান্ধীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন মিমি চক্রবর্তী।
আগেই শোনা গিয়েছিল, ভারতের পয়লা নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সইফ আলি খান। মঙ্গলবার মুক্তি পেল টিজার।
সইফ, প্রতীক-সহ মিমির চরিত্রের লুক প্রকাশ্যে এল। যেহেতু পিরিয়ড ড্রামা, তাই সাজপোশাকেও সেই অধ্যায়ের ছোঁয়া বজায় রাখা হয়েছে। টিজারের এক দৃশ্যে দর্শকাসনে বসা মিমি চক্রবর্তীকে দেখা গেল মন দিয়ে সইফ আলি খানের বক্তৃতা শুনতে এবং করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে।
ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল সুকুমার সেনের উপর। স্বাধীনতার বছর দুয়েক বাদে ১৯৫১ সালে পয়লা গণতন্ত্রের উৎসবে ৪৫০০ আসনে ভোট। ২,২৪,০০০ ভোটদান কেন্দ্র। কুড়ি লক্ষ ইস্পাতের ব্যালট বাক্স। ৫৬০০০ প্রিসাইডিং অফিসার, সহায়ক আরও ২৮০০০০ কর্মী। নির্বাচকদের নাম টাইপ করে নির্বাচনকেন্দ্র অনুযায়ী সাজিয়ে ভোটার লিস্ট তৈরি করার জন্য ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল ১৬৫০০ কর্মীকে। আর এই বিপুল কর্মযজ্ঞের জন্য নেহরু, সুকুমার সেনকেই বেছে নিয়েছিলেন।
