কলকাতা- পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাশিয়ার তৈরি ‘সুদর্শন’ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।
২০১৮ সালে পাঁচ স্কোয়াড্রন এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষের এর সাফল্য দেখে আরও বেশি সংখ্যক এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে ভারতীয় সেনা। সেই সঙ্গে এস-৪০০-এর জন্য ১০,০০০ কোটির ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে খবর।
পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হেনে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারত সেই হামলা রুখে দেয়।
এই সাফল্যের কথা মাথায় রেখে আরও এস-৪০০ কিনতে চাইছে ভারত। পাশাপাশি এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ১০,০০০ কোটির ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারেও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। বৃহস্পতিবার এনিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বৈঠক হবে।
