“দাম দিতে হবে”, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর

কলকাতা- এতদিন নির্বাচনের নাম-গন্ধ ছিল না। এবার নির্বাচনের মুখে অগ্নিগর্ভ বাংলাদেশ।

বাংলাদেশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় নজিরবিহীন হিংসা। আর তা নিয়ে এবার মুখ খুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তমানে বাংলাদেশে যা ঘটছে, সেই রক্তাক্ত ইতিহাস তিনি জানতে বা চিনতে চান না।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন বলেন, “বাংলাদেশের সঙ্গে আমার গভীর আবেগ জড়িয়ে আছে। সেখানকার এই ভয়াবহ পরিস্থিতিতে আমি অত্যন্ত দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই।”

হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “সব কিছুর শেষ আছে। উপরওয়ালা সব দেখছেন, এর দাম সবাইকে দিতেই হবে।”

এই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অভিনেতা-সাংসদ দেব। তিনি বলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে এখানেও যুদ্ধ লেগে যেতে পারে। ভারত-বাংলাদেশ বা ভারত-পাক যুদ্ধ কাম্য নয়। দুবেলা খাবার আর মাথার ওপর ছাদ—এর জন্য অন্য মানুষকে মারতে হয় না।”

উল্লেখ্য, ভারত-বিরোধী হিসেবে পরিচিত নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ। এর মধ্যেই ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর, লালন ফকিরের ছবি ছেঁড়া এবং সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের খবরও সামনে আসছে। চরম অরাজকতা চলছে পড়শি দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *