বড়সড় জরিমানার মুখে মোহনবাগান, এবার ফাঁকা মাঠে খেলতে হবে ম্যাচ, ঢুকতে পারবেন না সবুজ-মেরুন সমর্থকরা

কলকাতা- বড় অঙ্কের জরিমানার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী শুক্রবার (৬ মার্চ) ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়াম যে ম্যাচ আছে, সেখানে পুরো ফাঁকা গ্যালারির সামনে সবুজ-মেরুন ব্রিগেডকে খেলতে হবে বলে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

কড়া পদক্ষেপ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে কিছু জানানো না হলেও মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

শাস্তির নেপথ্যে আছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে সমর্থকদের ব্যবহার। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি যুবভারতীতে চেন্নাইয়িন ম্যাচের সময় সবুজ-মেরুন সমর্থকদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সেজন্য মোহনবাগানের উপরে আর্থিক জরিমানা চাপানো হয়েছে।

আর্থিক জরিমানার পাশাপাশি ফাঁকা গ্যালারিতে ৬ মার্চের ম্যাচ খেলার যে নির্দেশ দিয়েছিল এআইএফএফ, তার বিরুদ্ধে আবেদন করা হয়েছিল বলে মোহনবাগানের তরফে দাবি করা হয়েছে। তাতে অবশ্য লাভ হয়নি। মোহনবাগানের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে ওড়িশার বিরুদ্ধে রুদ্ধদ্বার যুবভারতীতেই দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বোস-সহ সবুজ-মেরুন ব্রিগেডকে খেলতে হবে।

আইএসএলের পয়েন্ট তালিকায় এক নম্বর জায়গা দখল করে রেখেছে মোহনবাগান। তিন ম্যাচের শেষে ঝুলিতে আছে নয় পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *