বর্ষার বৃষ্টিতে মনোরম আবহাওয়া বাংলাজুড়ে! দুর্যোগ চলবে কতদিন? জানাল হাওয়া অফিস

কলকাতা- একদিকে বর্ষা, তার উপর নিম্নচাপ! মনোরম আবহাওয়া বাংলা জুড়ে। একটানা বৃষ্টির জেরে কমল পারদ। গলদঘর্ম দশা থেকে মিলল স্বস্তি।

আষাঢ়ের প্রথম সপ্তাহে বৃষ্টির দাপট কমছে না। বরং একটানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। জারি সতর্কতাও। 

আবহাওয়া দফতরর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই। 

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *