আবার করোনার উৎপাত দেশে! আক্রান্তের সংখ্যা ২৫০ পার, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা!

কলকাতা-ভারতে আবার করোনার দাপাদাপি। এশিয়ার একাধিক দেশে গত কয়েকদিনে যে হারে সংক্রমণের নতুন ঢেউ থাবা বসিয়েছে, তাতে বাড়ছিল আতঙ্ক। ফের কি তবে লকডাউন? এসবের মাঝেই জানা গেল, গত কয়েকদিনে হুড়মুড়িয়ে সংক্রমণ বেড়েছে ভারতেও।

এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। ১২ মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪। দেশের যে কয়েকটি জায়গায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে, তার মধ্যে শীর্ষে কেরল। গত কয়েকদিনে কেরলে ৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে ৫৬ জন করোনা আক্রান্ত, তার মধ্যে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৪৪জন। ১২ মে থেকে তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

গত সপ্তাহে কর্ণাটকে আটটি, গুজরাটে ছ’ টি, দিল্লিতে তিনটি এবং হরিয়ানা, রাজস্থান এবং সিকিমে একটি করে নতুন করোনা কেস রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, গুরুতর অসুস্থ নন কেউই, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি।

হংকং, সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি গত কয়েকদিনে নতুন করে ভয় ধরিয়েছে। সিঙ্গাপুরেই ২০২৫ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে ১৪,০০০-এরও বেশি হয়েছে, যা এপ্রিলের শেষ সপ্তাহেও ছিল ১১,১০০। হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। শুধু সিঙ্গাপুর নয়, হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে হংকং, চিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *