কলকাতা – প্রেমিকের সঙ্গে মিলে ১০ বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অসমের ঘটনা। মৃতের নাম মৃন্ময় বর্মন। সে নবোদয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
রবিবার গুয়াহাটিতে একটি স্যুটকেসের ভেতরে তার দেহ উদ্ধার হয়। অভিযুক্ত দিপালী রাজবংশী এবং তাঁর প্রেমিক জ্যোতিময় হালোইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে।
এদিন বন দপ্তরের অফিসের কাছে নির্জন রাস্তায় একটি স্যুটকেস পড়েছিল। তাতে রক্ত দেখে সন্দেহ হয় এক সাফাইকর্মীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার হয় টুকরো টুকরো কাটা দেহ।
দীপালি প্রথমে দাবি করেছিলেন, তাঁর ছেলে নিখোঁজ। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। তবে, তাঁর বক্তব্যে অসংগতি থাকায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দুজন মৃন্ময়কে খুনের কথা স্বীকার করে নেন।
