ছাব্বিশের নির্বাচনের আগে বড় ধাক্কা খেল তৃণমূল! ঘাসফুল ছেড়ে ঘর ওয়াপসি মৌসম বেনজির নূরের

কলকাতা – ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। ‘ঘর ওয়াপসি’ গনি-ভাগ্নীর। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর।

শনিবার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েই পুরনো দলে ফেরার কথা ঘোষণা করেন মৌসম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌসমের এই প্রত্যাবর্তনে মালদহে কংগ্রেসের গড় আরও মজবুত হলো।

২০০৯ সালে মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে সংসদে পা রাখেন গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নুর। ২০১৪ সালেও একই প্রতীকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে পরিস্থিতি বদলে যায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলের ঘাসফুল প্রতীকে প্রার্থী হন মৌসম। কিন্তু ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগির ফলে মালদহ উত্তর আসন চলে যায় বিজেপির খগেন মুর্মুর হাতে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে।

মাত্র দিন তিনেক আগেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে মৌসম নূরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের তরফে তাঁকে মালদহের চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর বা সংযোজক হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই তিনি ঘাসফুল শিবির ছেড়ে ‘হাত’ ধরার সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *