অসমের গর্ব তিনি, সেই জুবিনকে নিয়ে অশ্লীল মন্তব্য ছাত্রের! শেষে ক্ষমা চাইতে হল মন্ত্রীকে

কলকাতা- অসম ও উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন শুক্রবার। বয়স হয়েছিল ৫২। প্রথমে খবর আসে যে তিনি স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তবে পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জুবিন লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটছিলেন এবং জলে অচেতন হয়ে পড়েন।

মুখ্যমন্ত্রী আরও জানান, ডেথ সার্টিফিকেটে ‘ডুবে মৃত্যু’ কারণ হিসেবে উল্লেখ রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে সিআইডি-কে পাঠানো হবে। এই আবহে কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ে জুবিন গর্গ সম্পর্কে এক নাগা ছাত্রের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে বচসার সময় ওই কলেজ পড়ুয়া প্রয়াত জুবিন গর্গ সম্পর্কে অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নাগাল্যান্ডের মন্ত্রী বলেন, প্রয়াত সঙ্গীতশিল্পী শুধুমাত্র অসমেরই নয়, সমগ্র উত্তর-পূর্ব এবং ভারতের গর্ব। নাগাল্যান্ডের সমস্ত ছাত্র অসমের জোরহাটের বিশ্ববিদ্যালয়ে নিরাপদে আছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টেমজেন ইমনা আলং অসমের মন্ত্রী এবং পুলিশ আধিকারিকদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। যখন আমাদের ছেলেরা জেনেশুনে বা অজান্তে এমন ভুল করে, তখন প্রথমেই ক্ষোভে বা আনন্দে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। এটি সম্পূর্ণ ভুল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *