রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থকেও রাখলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা – রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। বর্তমানে তিনি স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি পাহাড় ও পর্যটন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন।

মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলে নবান্নের অলিন্দে পরিচিতি আছে নন্দিনীর। তবে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকেও ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার করা হয়েছে।

বুধবার রাতে প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়োগের কথা জানিয়ে দিয়েছে। ১ জানুয়ারি থেকে দায়িত্ব বুঝে নেবেন নতুন পদাধিকারীরা।

মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ ফুরিয়েছে অনেক আগেই। রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার তাঁকে ৬ মাসের এক্সটেনশন দেয়। কিন্তু সেই বর্ধিত মেয়াদ ফুরিয়েছে। এর মধ্যে ফের একবার মেয়াদ বৃদ্ধির আর্জি জানালেও তা নাকচ করে দেয় কেন্দ্র। পরে মুখ্যমন্ত্রী নন্দিনী চক্রবর্তীকে এই পদের জন্য বেছে নেন।  ২০২৬ সাল শুরুর ঠিক আগেই এই ঘোষণা নবান্নের তরফে নিঃসন্দেহে বড় চমক।

১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী বিভিন্ন সময়ে জটিল পরিস্থিতিতে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছেন।  তাতে তাঁর ওপর মুখ্যমন্ত্রীর ভরসা যে অটুট, এই পদোন্নতি তারই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *