ব্যাপক বিক্ষোভের জের! অবশেষে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী ওলির, পালাতে পারেন দেশ থেকে!

কলকাতা- প্রবল জনরোষের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার জেরে সোমবার থেকেই নেপালের সরকারের বিরুদ্ধে পথে নামে যুবসমাজ।

চাপে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মঙ্গলবারও সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ছিল। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন ক্ষুব্ধ জনতা। দেশের সেনাবাহিনীর তরফেও তাঁকে পদত্যাগের জন্য অনুরোধ করা হয়েছিল।

পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা আগেও বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। প্রয়োজনে আলোচনার প্রসঙ্গও তুলেছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী ওলির সঙ্গে দেখা করেছিলেন।

বাসভবন থেকে নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে সামরিক সহায়তা চেয়েছিলেন ওলি। এরপরই সেনাবাহিনী প্রধান তাঁকে পদত্যাগ করার পরামর্শ দেন। তিনি পদত্যাগ করলেই সেনা নেপালের পরিস্থিতি স্থিতিশীল করতে পারবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, ক্রমশ পরিস্থিতির অবনতির জেরে দেশ ছেড়ে পালাতে পারেন ওলি। সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে যেতে পারেন বলে জল্পনা রয়েছে। যদিও এবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রতিবাদে সোমবার নেপালজুড়ে চলা যুবসমাজের বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন প্রচুর মানুষ। এরপর গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভের আঁচ আরও বাড়তে শুরু করেছিল নেপালে। ওলির পাশাপাশি জনরোষের মুখে পড়েন দেশের মন্ত্রীরাও। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *