কলকাতা- বিহারে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে এনডিএ (NDA)। বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শপথ নিতে চলেছে।
পাটনার গান্ধি ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন তিনি।
বৃহস্পতিবারের শপথগ্রহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২৪৩টি আসনের বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মধ্যে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছে। তাঁদের আসন সংখ্যা ৮৯। জেডিইউ জিতেছে ৮৫ আসন।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের এলজেপি(আরভি) ১৯টি আসন জিতেছে। আরও ন’টি আসন জিতেছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম)।
আরজেডির নেতৃত্বাধীন মহাগটবন্ধন সেখানে মাত্র ৩৫ আসন জিতেছে। বিহারে সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ-র কার্যকরি সভাপতি সঞ্জয় কুমার ঝা।
