কলকাতা – ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি তাঁর নবম বাজেট।
ইতিমধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক ও রেলযাত্রীদের মধ্যে বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ তুঙ্গে।
সরকারি সূত্রের খবর, এবারে আয়কর, রেলওয়ে, কৃষক সহ সামাজিক কল্যাণমূলক প্রকল্পে বড় ঘোষণা হতে পারে।
বেতনভোগী ও মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি হতে পারে আয়কর ক্ষেত্রে। নতুন কর ব্যবস্থার আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। এর ফলে করমুক্ত আয়ের সীমা বর্তমান ১২.৭৫ লক্ষ টাকা থেকে প্রায় ১৩ লক্ষ টাকা পৌঁছাতে পারে।
কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বছরে ৬ হাজার টাকা প্রদানের পরিমাণ ৮ থেকে ১০ হাজার টাকায় বৃদ্ধি পেতে পারে। এর ফলে কৃষকদের আর্থিক সুবিধা আরও বাড়বে।
রেলওয়ে খাতেও উল্লেখযোগ্য ঘোষণা আসতে পারে। ৩০০টিরও বেশি নতুন ‘বন্দে ভারত’ ও ‘অমৃত ভারত’ ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে। যাত্রীদের ওয়েটিং লিস্ট সমস্যা কমাতে এবং পরিষেবা উন্নত করতে কেন্দ্র এই পদক্ষেপ নিতে পারে। এছাড়া রেলের জন্য বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।
স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। বিনামূল্যে চিকিৎসার সুবিধা ৭০ বছর থেকে কমিয়ে ৬০ বছর করা হতে পারে। পাশাপাশি, বার্ষিক চিকিৎসা সীমা ৫ লক্ষ টাকা করার বিষয়টি বিবেচনাধীন।
কর ছাড়ের ক্ষেত্রে ধারা ৮০সি-এর সীমা ১.৫ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকায় উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এতে মধ্যবিত্ত পরিবারগুলির সঞ্চয় ও বিনিয়োগে বড় স্বস্তি আসবে। ধারা ৮০সি-এর আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), মিউচুয়াল ফান্ড (ELSS), জীবনবীমা প্রিমিয়াম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্কুল টিউশন ফি ও গৃহ ঋণের মূলধন অন্তর্ভুক্ত।
