ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে, বর্ষার বৃষ্টি কোথায়? স্বস্তি কবে, তারিখ জানাল হাওয়া অফিস

কলকাতা – উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বেশ কয়েকদিন আগেই। কবে দক্ষিণবঙ্গে? সেই প্রশ্নের সুরাহা মেলেনি। গত কয়েকদিনে দক্ষিণের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হলেও শুক্রবারের রাতের পর থেকে বদলে গেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। রবিবার সকাল থেকেই বেড়েছে তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে আরও অন্তত চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের মাঝামাঝি পেরিয়ে তবে বদলাতে পারে কিছুটা পরিস্থিতি। ঝড়-বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে? হাওয়া অফিস জানাচ্ছে, একদিকে গরম হাওয়া, অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা দুর্বল মৌসুমি অক্ষরেখা। ফলে দক্ষিণবঙ্গে বর্ষার জন্য এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুটা। পরিস্থিতির বদল ঘটতে পারে ১২ জুনের পর।

১২ জুনের পর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে‌।‌ পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *