কলকাতা- কনকনে ঠান্ডা তো দূরের কথা, যত দিন যাচ্ছে তত শীতের অনুভূতিও চলে যাচ্ছে।
এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ কিছুটা চড়েছে। গভীর রাত বা ভোরের দিকে শীত-শীত অনুভূতি থাকছে। বাকি সময়টা মোটামুটি গরম-গরমই লাগছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ সরস্বতী পুজো তথা নেতাজি জয়ন্তীতে (২৩ জানুয়ারি) এরকম গরম-গরম লাগবে দিনের বেলায়। রোদ পড়লে গায়ে তাপ পড়বে। সকালের দিকে কুয়াশাও থাকবে একাধিক জেলায়। কোনও কোনও জেলায় দাপট থাকবে ঘন কুয়াশার। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার (২৬ জানুয়ারি), মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।
