কলকাতা- ভয় দেখানোর মতো পরিসংখ্যান! স্বামীর সঙ্গহীনতার জেরে পরকীয়ায় লিপ্ত হয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছেন গৃহবধূরা। তথ্য পরিসংখ্যান বলছে, গত ৫ মাসে বারাসতে অন্তত ৫০০ জন এভাবে সংসার ভেঙে পালিয়েছেন!
কেউ কর্মসূত্রে ভিনরাজ্যে বা বিদেশে থাকেন। কেউ আবার কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত যে সংসারে সময় দিতে পারেন না। দাম্পত্যের রসায়নটাই ঠিকমতো জমাট বাঁধছে না। সোশাল মিডিয়ার দৌলতে তৈরি হচ্ছে ভারচুয়াল ‘বন্ধু’। বন্ধুত্ব থেকে প্রেম, পরকীয়া।
দিনের বেশিরভাগ সময় সেই ভারচুয়াল প্রেমই স্বপ্ন দেখাচ্ছে সুন্দর দাম্পত্যের। পরিণতি, স্বামীসঙ্গহীনতার অভিযোগ তুলে প্রেমিকের হাত ধরে অন্যত্র ঘরবাঁধার সংকল্প নিয়ে বাড়ি ছাড়ছেন নতুন তাঁরা।
বিয়ের ২-৩ বছর পরই ঘটছে এমন কাণ্ড। উত্তর ২৪ পরগনার শুধু বারাসত পুলিশ জেলাতেই এমন ঘটনার সংখ্যাটা চোখ কপালে ওঠার মতো। গত ৫ মাসে নিখোঁজ হয়েছেন ৫০০ জন গৃহবধূ। সেখানে কিশোরী নিখোঁজের ঘটনার সংখ্যাও যথেষ্ট উদ্বেগজনক। যদিও তাদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ করছে বারাসত পুলিশ জেলার প্রতিটি থানা।
পুলিশ সূত্রে খবর, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত পাঁচমাসে মোট ৫৩৬ জন যুবতী নিখোঁজ হয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০ জনই গৃহবধূ। বাকিরা অবিবাহিতা। গৃহবধূদের কেউ পালিয়েছেন স্বামীর পরিচিত কোনও ব্যবসায়ীর সঙ্গে, কেউ ঠিকাদার, আবার কেউ বা অন্য কোনও যুবকের হাত ধরে।
