কলকাতায় কলেরা আক্রান্ত ২৬ বছরের যুবক, ভরা বর্ষায় নতুন আতঙ্ক শহরে!

কলকাতা- কলেরায় আক্রান্ত কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের ২৬ বছরের যুবক আফরোজ খান। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আফরোজের বাড়ি পিকনিক গার্ডেনে।

লাগাতার বমি, পেট খারাপের মতো সমস্যায় ভুগছিলেন ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই যুবক কলেরায় আক্রান্ত।

বহুতল আবাসনের বাসিন্দা আফরোজ পরিস্রুত জলই পান করতেন। এমনকী, বাইরের খাবারও খেতেন না। সে ক্ষেত্রে কী ভাবে তিনি কলেরায় আক্রান্ত হলেন, তা বুঝতে পারছে না পরিবার। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ওই যুবকের মেডিক্যাল রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। কারণ কলেরা ‘নোটিফায়েড ডিজিজ’। আক্রান্তের হদিশ পাওয়া গেলে তা নথিবদ্ধ করাই নিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *