পহেলগাঁওতে শহিদ নৌ সেনা অফিসারের স্ত্রীকে কুরুচিকর আক্রমণ! হিমাংশীর পাশে মহিলা কমিশন

কলকাতা – কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। স্বামীকে হারিয়েও। সোশাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পহেলগাঁও সন্ত্রাসে শহিদ নৌসেনা আধিকারিকের স্ত্রী।

সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের জেরে শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়ালকে উদ্দেশ্য করে শুরু হয়েছে কুরুচিকর আক্রমণ। এই ঘটনায় হিমাংশীর পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি চাই গোটা দেশ আমার স্বামীর জন্য প্রার্থনা করুক, যাতে তাঁর আত্মা শান্তি পায়। একইসঙ্গে আমার অনুরোধ, এই ঘটনায় জন্য দেশের মুসলিম ও কাশ্মীরিদের দায়ী করে বিদ্বেষ ছড়াবেন না। আমি শান্তি চাই। শুধুই শান্তি।’ এই বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েই হিমাংশীকে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় ধেয়ে আসে তুমুল কটাক্ষ।

বিষয়টি গুরুতর আকার নিতেই হিমাংশীর পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন। সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের তীব্র নিন্দা করে কমিশনের তরফে লেখা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে আমাদের জঙ্গি হামলায় দেশ বহু নাগরিককে হারিয়েছেন। এই হামলায় লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ মর্মাহত ও ক্রুদ্ধ। তবে এই ঘটনার পর সোশাল মিডিয়ায় তাঁর স্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে তাঁকে আক্রমণ শানানো হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। একজন মহিলাকে তাঁর আদর্শ ও অভিব্যক্তি প্রকাশ করার জন্য এভাবে ব্যক্তিগত আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *