অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান, পাল্টা আঘাতের পরিকল্পনা, সেনাকে পূর্ণ অনুমোদন দিল শাহবাজ সরকার

কলকাতা- পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাব দিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। এয়ার স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৮০। এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। হামলার পরেই ভারতের ওপরেও আঘাত হানার পরকল্পনা নিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দিল শাহবাজ সরকার।

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাঁদের আত্মরক্ষার অধিকার আছে। সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় এদিন তড়িঘড়ি বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে সেনাপ্রধানরাও ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির পদস্থ কর্তারা।

বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের তরফে হামলার তীব্র নিন্দা করেছে শাহবাজ সরকার। ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করেছে ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *