কলকাতা- মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দিনদিন গভীর হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্ব।
২০ বছর পর দুই দেশের রাষ্ট্রনেতাদের বৈঠক। বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে সম্মতি জানাল পাকিস্তান। কয়েক মাসের মধ্যে শুরু হতে চলেছে ঢাকা ও করাচি সরাসরি বিমান পরিষেবা।
২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ আলোচনা হয় বলে জানা গিয়েছে।
সোমবার এই বৈঠকেই পাটজাত ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য ঢাকাকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এমনকী এই সমস্ত পণ্য রপ্তানিতে সাহায্য করার জন্য বাংলাদেশের উপর শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের দেশ।
অগাস্টেই বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানির পথ বন্ধ করে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তান পাটজাত ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য ঢাকাকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ভূ-রাজনৈতিকভাবে ভারতকে চ্যালেঞ্জ করল পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের।
