কলকাতা – এবার আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। মনে করিয়ে দিলেন, তাঁরা পরমাণু শক্তিধর দেশের বাসিন্দা। নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হতে পারেন।
সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন মুনির। পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ এবং পরবর্তী দুই দেশের সংঘাতের পর এনিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন তিনি। সেখান থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান।
১০টি মিসাইল দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন মুনির। ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। সেখান থেকে বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’
পর্যবেক্ষকদের মতে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে এরকম পরমাণু হুঁশিয়ারির নজির বিরল। পাশাপাশি, ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নিয়েও নানা কথা বলেন মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক। হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পাক সেনা প্রধানের দাবি, ‘সিন্ধু ওদের পৈতৃক সম্পত্তি নয়। ক্ষেপণাস্ত্রের কোনও অভাব আমাদের নেই।’
