করাচি – পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই উদ্বেগ এখন ছড়িয়ে গেছে ক্রিকেটবিশ্বে।
বিশ্বের ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক এবার সরাসরি চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তাঁদের অনুরোধ—ইমরানকে যেন ‘ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা’ দেওয়া হয়।
চিঠিতে তাঁরা লিখেছেন, সাম্প্রতিক সময়ে ইমরানের চোখের সমস্যার খবর তাঁদের গভীরভাবে বিচলিত করেছে। পরিবারের দাবি, কারাগারে চিকিৎসায় অবহেলার কারণে তাঁর একটি চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। এই খবর পাকিস্তানের ভেতরে যেমন উদ্বেগ ছড়িয়েছে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটমহলেও আলোচনার জন্ম দিয়েছে।
অস্ট্রেলিয়ার পত্রিকা ‘দ্য এইজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি খসড়া করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল। এতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, মাইকেল ব্রিয়ারলি, ক্লাইভ লয়েড, গ্রেগ চ্যাপেল, কপিল দেব, অ্যালান বোর্ডার, ডেভিড গাওয়ার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক।
চিঠিতে বলা হয়েছে, ‘তাঁর স্বাস্থ্যের সাম্প্রতিক খবর, বিশেষ করে আটক অবস্থায় দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি এবং গত আড়াই বছরে তাঁর বন্দিজীবনের অবস্থা আমাদের গভীরভাবে চিন্তিত করেছে।’
ক্রিকেটার হিসেবে ইমরান খানের অবদান তুলে ধরেছেন তাঁরা। লিখেছেন, ‘খেলার প্রতি তাঁর অবদান বিশ্বজুড়ে সমাদৃত। অধিনায়ক হিসেবে তিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই জয় ছিল দক্ষতা, নেতৃত্ব, ধৈর্য ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য উদাহরণ, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘আমাদের অনেকেই তাঁর বিপক্ষে খেলেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করেছি, আবার কেউ কেউ তাঁর অলরাউন্ড নৈপুণ্য, ব্যক্তিত্ব আর প্রতিযোগিতামূলক মানসিকতায় মুগ্ধ হয়ে বড় হয়েছি। তিনি খেলাটির দেখা সেরা অলরাউন্ডার ও অধিনায়কদের একজন। খেলোয়াড়, দর্শক ও প্রশাসকদের কাছ থেকে সমান শ্রদ্ধা পেয়েছেন।’
