কলকাতা – প্রবল বৃষ্টির জেরে মণিপুরে মোদীর সফরের পরিকল্পনা পরিবর্তন করা হয়। আইজল থেকে বিমানে করে সরাসরি চুরাচান্দপুরে যাওয়ার কথা ছিল। তবে মণিপুরের রাজধানী ইম্ফলে নেমে সড়কপথে চুরাচান্দপুরের দিকে রওনা দেন। সেখানে তাঁকে স্বাগত জানান মণিপুরের মানুষ। খুদে এবং মহিলাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দাবি করেন, ২৮ মাসের অশান্তির পরিবেশকে পিছনে ফেলে এসে শান্তির পথে এগিয়ে যেতেই হবে মণিপুরকে। কারণ যে কোনও জায়গায় উন্নয়নের ক্ষেত্রে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট মহলের মতে, দু’বছর পরে প্রধানমন্ত্রী মণিপুরে এলেও তাঁর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৮ মাস ধরে মণিপুরে যে অশান্তি চলছে, সেখানে মোদীর নেতৃত্ব প্রদানের ক্ষমতার পরিচয় মিলবে। কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘাতে যদি ইতি টানতে পারেন, তাহলে সেটা প্রধানমন্ত্রী মোদীর বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হবে।
মোদী যে মণিপুরে এসেছেন, তা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী বড্ড তাড়াতাড়ি রাজ্যে এলেন। ২০২৯ সালে যদি মণিপুরে আসতেন, তাহলে খুব ভাল হত। কারণ ততদিনে মণিপুর পুরোপুরি শান্ত হয়ে যেত।
