কলকাতা- কথা ছিল তাহেরপুরের সভায় ৪৫ মিনিট বক্তব্য পেশ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য গোড়া থেকেই সমস্যা।
শেষ পর্যন্ত কলকাতা থেকে অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মাত্র ১৬ মিনিটের ওই বক্তব্যে উন্নয়ন থেকে প্রকল্প, অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বিহার ভোটের ফল থেকে ডবল ইঞ্জিন সরকার, এসআইআর থেকে ত্রিপুরার সঙ্গে তুলনা, সবই ছুঁয়ে গেলেন।
কয়েকদিন আগে বিহারের বিধানসভা ভোটে ব্যাপক জয় পেয়েছে বিজেপি-জোট। সেই সময়েই তিনি বলেন, ‘বিহার থেকে গঙ্গা বয়ে এসে বাংলায় পৌঁছয়।’ এ দিনের বার্তাতেও সেই কথাটা ফের বলেছেন মোদি।
বিহারের জঙ্গলরাজের সঙ্গে বাংলার জঙ্গলরাজের তুলনা টেনে মোদির দাবি, ‘এখন বাংলার কোণায় কোণায় শোনা যাচ্ছে বাঁচতে চাই, বিজেপি তাই।’
প্রধানমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য টাকা, ইচ্ছে বা প্রকল্প কোনওটারই কমতি নেই। তাহলে কাজ হচ্ছে না কেন? কাজ না হওয়ার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। কমিশন ও কাটমানির জন্য অনেক প্রকল্প আটকে রয়েছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মোদি বলেছেন, ‘তৃণমূল মোদির বিরোধিতা করুক, বিজেপির বিরোধিতা করুক। বার বার করুক। কিন্তু আমি বুঝতে পারছি না বাংলার উন্নতির বিরোধিতা কেন করা হচ্ছে।’
আবার তাঁর মুখে ফের শোনা গেল ‘ডবল ইঞ্জিন’ তত্ত্ব।বাংলায় অনুপ্রবেশের অভিযোগ তুলে বরাবর সরব হয়েছে বিজেপি। সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।
মোদি এদিন বলেন, ‘অনুপ্রবেশকারীদের সুবিধার জন্য তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে।’ মোদির দাবি, ত্রিপুরায় বিজেপি সরকার এসেছে বলে উন্নতি হচ্ছে। বাংলায় বামেরা চলে যাওয়ার পরে তৃণমূল বামেদের সব খারাপ গুণ আত্মস্থ করেছে এবং সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। তিনি এদিন বলেন, ‘বাংলায় একবার বিজেপি সরকার এনেই দেখুন, কত তাড়াতাড়ি উন্নতি হয়…।’
