কোহলির দল আরসিবি এবার বড়সড় বিপদে! অপরাধমূলক গাফিলতির জন্য মামলা দায়ের

কলকাতা- বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ), ডিএনএ নেটওয়ার্কস-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এফআইআর দায়ের করেছে কাবন পার্ক থানার পুলিশ। বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সেন্ট্রাল শেখর এইচ টেক্কান্নাভার জানিয়েছেন, অপরাধমূলক গাফিলতির কারণেই এই দুই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ইতিমধ্যে বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার জি জগদীশা। তদন্তের জন্য কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), ইভেন্ট আয়োজক এবং সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দকে নোটিস জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান জি জগদীশা। চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি বলেন, ‘আমি আজ কেএসসিএ স্টেডিয়াম পরিদর্শন করেছি। তদন্তে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নোটিস পাঠানো হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে।’ ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, বুধবার পুলিশের ছাড়পত্র না থাকলেও আরসিবি দলের তরফে ‘ভিকট্রি প্যারেড’ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ‘ফ্রি পাস’ বিলি করা হয় বলে অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় কার গাফিলতি রয়েছে তা নিয়ে নানা মতভেদ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *