কলকাতা- বিপ্লবের রাস্তা ছেড়ে এবার উন্নয়নের পথে। কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুলে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে সিপিএমের তরুণ তুর্কি প্রতীক উর রহমান।
শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তাঁর এই দলবদলকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে।
সিপিআই(এম)-এর প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল, তবে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রতীক উর? শেষমেশ তাই হল।
শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে আমতলায় পৌঁছন প্রতীক উর রহমান। বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ তিনি অভিষেকের কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা।
এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতীক উর রহমান জানিয়েছিলেন, তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। তাঁর বক্তব্য ছিল, “আমি যতদিন SFI করেছি, বুক ঠুকে SFI করেছি। যতদিন সিপিএম করেছি, বুক ঠুকে করেছি। যদি কোনওদিন অন্য কোনও দল করি, বুক ঠুকে বলব এবং সেই দলটাই করব।” সেই বক্তব্যের পরই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বাড়ে।
সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রতীকুর রহমানের ইস্তফাপত্র নিয়ে দলের সংবিধান মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হিসেবে লড়েছিলেন প্রতীক উর রহমান। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং পেশা হিসেবে তিনি নিজেকে সমাজকর্মী বলে উল্লেখ করেছেন। হলফনামায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮.৮ লক্ষ টাকা বলে জানানো হয়। বার্ষিক আয় শূন্য বলে ঘোষণা করেছিলেন তিনি। এছাড়া তাঁর বিরুদ্ধে মোট ৯টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলেও হলফনামায় উল্লেখ ছিল।
