কলকাতা- মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই আবহে জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার রাতেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানও ছিলেন। এখন তার পদত্যাগের ফলে এই দুটি পদই শূন্য হয়ে গেল।
ধনখড় জানিয়েছেন, তাঁর মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ছিল। ধনখড় আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের পদত্যাগের ঘোষণার পরে এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জগদীপ ধনখড়জি দেশের সেবা করার একাধিক সুযোগ পেয়েছেন। তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর সুস্থতা কামনা করছি।’
ভারতীয় সংবিধান অনুযায়ী, যদি উপরাষ্ট্রপতি তাঁর পদ থেকে পদত্যাগ করেন, তাহলে তাঁর পদ পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন পদ শূন্য হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত।
এই নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত, উপরাষ্ট্রপতির দায়িত্ব, বিশেষ করে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অথবা রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত রাজ্যসভার অন্য কোনও সদস্য দ্বারা পালন করা হয়। ২০২২ সালে অগাস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।
