কলকাতা- রাষ্ট্রপতির দপ্তর থেকে ফোন অভয়ার বাবাকে। রাষ্ট্রপতি কবে দেখা করবেন তা ফোন করে জানিয়ে দেওয়া হবে তাদের। অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎকার সম্ভাবনায় আরও জোরালো হল।
পাশাপাশি রাষ্ট্রপতির দপ্তর থেকে ফোনে তাদের আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন অভিযানের দিন ঘটনা অর্থাৎ অভয়ার মা যে তার ওপর আঘাতের অভিযোগ তুলেছিল সেই বিষয়টি দেখার জন্য।
আরজি কর কাণ্ডে অভয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর মেডিকেল কলেজের নারকীয় ঘটনায় সুবিচারের আশায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার।
নির্যাতিতার পরিবারের পাঠানো ইমেলের জবাবে রাষ্ট্রপতির দপ্তর থেকে পালটা ই-মেল এসেছে। তাতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আপ্ত সহায়ক শিগগিরই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন।
রাষ্ট্রপতির ইমেল প্রসঙ্গে নিহত তরুণীর মা বলেন, “এতদিন ধরে মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য ই-মেল করছিলাম, কিন্তু কোনও জবাব আসছিল না। অবশেষে জবাব পেলাম। এতে খানিকটা হলেও আশার আলো দেখতে পাচ্ছি। তবে শেষপর্যন্ত কী হবে, সেটাই এখন দেখার।”
