কলকাতা- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল ওড়িশার শ্রীক্ষেত্রে। দ্বাদশ শতকের প্রাচীন ও পবিত্র জগন্নাথ মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
এই ঘটনার পরই তড়িঘড়ি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পুলিশ। চলছে চিরুনি তল্লাশি।
মঙ্গলবার রাতে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট প্রশাসনের নজরে আসে। সেখানে সরাসরি জগন্নাথ ধাম ধ্বংস করার হুমকি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুরী পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে তদন্তে নামে। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
যদিও যে মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, তিনি দাবি করেছেন— অজ্ঞাতপরিচয় কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেক আইডি তৈরি করে এই কুরুচিকর পোস্টটি করেছে।
ঘটনার খবর পাওয়ামাত্রই বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড পুরো মন্দির চত্বর ও তার আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে। প্রতিদিন পুরীতে লক্ষাধিক পর্যটক ও ভক্তের সমাগম হয়, তাই নিরাপত্তার বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
সিংহদ্বার-সহ মন্দিরের চারটি প্রধান প্রবেশপথে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। ভক্তদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া না হলেও, প্রত্যেককে কড়া মেটাল ডিটেক্টর ও শারীরিক তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও মন্দিরের দেওয়ালে জঙ্গি হামলার হুমকি বার্তা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। সেই স্মৃতি উসকে নতুন এই সোশ্যাল মিডিয়া হুমকি প্রশাসনকে আরও তৎপর করে তুলেছে।
