কলকাতা- শারদীয়া মানেই বাঙালির কাছে জমিয়ে পেটপুজো-আড্ডা-প্যান্ডেল হপিং আর বাংলা ছবি দেখা। এই বছরও পুজোর বক্স অফিস জমজমাট।
একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে রাজ্য জুড়ে। যার মধ্যে দুটো পিরিয়ড ড্রামা (রঘু ডাকাত, দেবী চৌধুরানী), এবং রক্তবীজ ২ বর্তমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে বানানো ছবি এবং অনীক দত্তর যত কাণ্ড কলকাতাতেই।
বক্স অফিসের লড়াইটা যদিও মূলত দুটো ছবির। শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজের সিকুয়েল এবং দেবের রঘু ডাকাতের। দুটো বিগ বাজেট ছবি নিয়ে শুরু থেকেই চর্চা তুঙ্গে।
ট্রেলার লঞ্চের দিন দেব জানিয়েছিলেন, একদিন আগে অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর আসছে রঘু ডাকাত। শিবপ্রসাদও জানিয়ে দেন, ওইদিনই মুক্তি পাবে রক্তবীজ ২। দেবকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না শিবু-নন্দিতা জুটি, তা ভালোভাবেই বুঝিয়ে দেন।
প্রথম দিনের বক্স অফিসে কার আয় কত হল? সেই নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে শো দখল করছেন দেব, এমন অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে অবশ্য উপযুক্ত জবাবও দিয়েছেন তারকা।
আয়ের পরিসংখ্যান এখনও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়নি। তবে Sacnilk-এর তথ্য বলছে, প্রথম দিন দেবের ছবি আয় করেছে ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে মাত্র ১৫ লাখ টাকার টিকিট বিক্রি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে আবির-মিমি-ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত রক্তবীজ ২-কে।
শুক্রবার থেকে পুজোর বক্স অফিস লড়াইয়ে সামিল হয়েছে দেবী চৌধুরানি এবং যত কাণ্ড কলকাতাতেই। চতুর্মুখী এই লড়াইয়ে শেষপর্যন্ত জয়ের হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে পুজো পরবর্তী সময়ের।
