কলকাতা – রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনের বিশেষ দিন ১২ সেপ্টেম্বর। ২০২০ সালে এই দিনেই জীবনের প্রথম বার মা-বাবা হয়েছিলেন তাঁরা। তারকা-দম্পতির কোলে এসেছিল তাঁদের পুত্রসন্তান ইউভান। দেখতে দেখতে সময় পার।
শুক্রবার ৫-এ পা দিল রাজ-শুভশ্রীর ছেলে। উদাযাপনও প্রতিবারের মতোই দেখার মতো। ছেলের জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনও ত্রুটি রাখলেন না নায়িকা এবং পরিচালক।
বিশেষ দিনে ইউভান মেতে উঠেছিল তার খুদে বন্ধুদের সঙ্গে। ছেলে জন্য তিন তলা কেকের আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। নীল বেলুন, চোখ ধাঁধানো আলো, নানা কার্টুন চরিত্রের কাট আউট, খেলার সামগ্রী দিয়ে সাজানো হয়েছিল ভেন্যু।
ছেলের জন্মদিনে দেখার মতো করে সেজে উঠেছিলেন শুভশ্রী। নীল রঙের অফ শোল্ডার ড্রেস, খোলা চুল আর হালকা মেকআপ, নায়িকার থেকে চোখ ফেরানো দায়। ভালবেসে ছেলের ঠোঁটে চুমু এঁকে দিয়েছেন নায়িকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তীর মা-ও। নাতি-নাতনির উচ্ছ্বাস চাক্ষুষ করে উচ্ছ্বসিত তিনিও।
