কলকাতা- দেশে বাড়ছে ‘হোয়াইট-কলার সন্ত্রাসবাদ’! এই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলছেন, বর্তমানে দেশে ‘হোয়াইট-কলার সন্ত্রাসবাদ’ মাথাচাড়া দিচ্ছে, যেখানে উচ্চশিক্ষিত লোকেরা দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছেন।
শুক্রবার ভোপাল নোবেলস বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। উদ্বেগ প্রকাশও করেন।
প্রতিরক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের প্রসঙ্গটি উল্লেখ করেন। ওই ঘটনায় সরাসরি চিকিৎসকদের জড়িত থাকার প্রমাণ মেলায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
রাজনাথ সিং বলেন, ‘যাঁদের হাতে ডাক্তারির ডিগ্রি থাকার কথা, তাঁদের পকেটে পাওয়া যাচ্ছে আরডিএক্স। চিকিৎসকরা সাধারণত প্রেসক্রিপশনে ‘Rx’ লেখেন মানুষের জীবন বাঁচাতে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন এক শ্রেণির শিক্ষিত মানুষ হাতে ‘RDX’ তুলে নিচ্ছেন জীবন ধ্বংস করতে।’
রাজনাথ সিং বলেন, ‘কেবল পুঁথিগত বিদ্যা বা পেশাগত সাফল্যই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। জ্ঞানের সঙ্গে যদি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং চারিত্রিক দৃঢ়তা না থাকে, তবে সেই শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।’
