প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে নির্যাতন! যৌন হেনস্তার মারাত্মক অভিযোগ জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘ননসেন’-এর বিরুদ্ধে

কলকাতা- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ ওরফে শমীক অধিকারীর বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ।

দীর্ঘদিনের প্রেমিকাকে আটকে রেখে শারীরিক ও যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই শমীকের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা ওই তরুণী।

ওই তরুণী দাবি করেছেন, ২ এবং ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রেখেছিলেন শমীক। বন্দি অবস্থায় তাঁর ওপর অমানবিক শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছে।

তরুণীর বয়ান অনুযায়ী, শুধুমাত্র শারীরিক হেনস্তাই নয়, তাঁকে ফ্ল্যাটের ভেতর আটকে রেখে মানসিক ট্রমাও দেওয়া হয়েছে। বুধবার কোনওক্রমে সেই নরক থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই নিয়ে মুখ খুলেছেন শমীক অধিকারী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। দু’দিন আগে আমাদের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়েছিল, যার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সম্পর্কে থাকা অবস্থায় ঘনিষ্ঠতা থাকলে তা তো সম্মতিক্রমেই হয়।’

সম্প্রতি শমীকের তৈরি শর্ট ভিডিও ‘বাটন’ রাজ্য সরকারের সমালোচনা করে ভাইরাল হয়েছিল। বিরোধী শিবিরের দাবি, সরকারের অস্বস্তি বাড়াতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *