কলকাতা- হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরলেন শুভমন গিল। স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। তবুও তাঁর পরবর্তী ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা টেষ্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্স করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। তারপর আর সেই ম্যাচ খেলতে পারেননি তিনি।
আপাতত চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এর পর তাঁর রিহ্যাব শুরু হবে। গুয়াহাটিতে পরবর্তী ম্যাচে গিলকে ছাড়াই নামতে হতে পারে ভারতীয় শিবিরকে।
রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে গিলের বিষয়ে কথা বলেন তিনি। গিলের সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট কথা বলেন সৌরভ।
বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, শুভমন গিলের ঘাড়ে ব্যথা রয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে।
