কলকাতা- জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) বৃহস্পতিবার জম্মুর প্রখ্যাত সংবাদমাধ্যম ‘কাশ্মীর টাইমস’-এর কার্যালয়ে অভিযান চালায়।
কর্তৃপক্ষের অভিযোগ, সংবাদপত্রটি দীর্ঘ দিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে মদত দিয়ে আসছে। তল্লাশির সময় অফিস থেকে চাঞ্চল্যকরভাবে একে-৪৭ (AK-47) রাইফেলের কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
বৃহস্পতিবার দিনভর এই তল্লাশি অভিযান চলে। পুলিশ জানিয়েছে, একটি এফআইআর দায়ের করা হয়েছে সংবাদপত্রটির বিরুদ্ধে, যেখানে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা, অসন্তোষ ছড়ানো এবং বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই এফআইআর-এ ‘কাশ্মীর টাইমস’-এর কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের নামও রয়েছে।
‘কাশ্মীর টাইমস’ জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সংবাদপত্রগুলির মধ্যে একটি। ১৯৫৪ সালে বেদ ভাসিন এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং ১৯৬৪ সালে এটিকে দৈনিকে রূপান্তরিত করা হয়। রাজ্যের সাংবাদিক মহলে এই পত্রিকার উপর এমন গুরুতর অভিযোগ ও অভিযানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
