প্রবল তুষারপাত সিকিমে, ছাঙ্গুর রাস্তায় আটকে পড়লেন ২৭০০ পর্যটক!উদ্ধারে নামল সেনা, প্রশাসন

কলকাতা- সিকিমে মঙ্গলবার প্রকৃতির রুদ্ররূপ দেখল কয়েক হাজার পর্যটক। শেরাথাং এবং সংলগ্ন ছাঙ্গু লেকের উচ্চ পার্বত্য অঞ্চলে আচমকা ভারী তুষারপাতের জেরে পর্যটক বোঝাই কয়েকশো গাড়ি বরফে আটকে পড়ে।

সিকিম পর্যটন দপ্তর ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় কোনও বড়সড় দুর্ঘটনা ছাড়াই ৫৪১টি গাড়ির মোট ২৭৩৬ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

​মঙ্গলবার দুপুরের পর থেকেই শেরাথাং এবং ছাঙ্গু লেক সংলগ্ন এলাকায় তুষারপাতের তীব্রতা বাড়তে থাকে। ১৫ মাইল থেকে ছাঙ্গুর মধ্যবর্তী রাস্তায় পুরু বরফ জমে যাওয়ায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়ে।

সিকিমের পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পর্যটকবোঝাই মোট ৫৪১টি গাড়ি ওই এলাকায় আটকে পড়েছিল।

​খবর পাওয়া মাত্রই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় সিকিম পুলিশ, বিআরও, পর্যটন পারমিট সেল এবং স্থানীয় চেকপোস্টের আধিকারিকরা।

ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতি এড়াতে পর্যটন দপ্তরের পক্ষ থেকে পর্যটক এবং ট্যুর অপারেটরদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, ​যাত্রার আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং অ্যাডভাইসরি কঠোরভাবে মেনে চলতে হবে। ​তুষারপাত প্রবণ এলাকায় ভ্রমণের সময় গাড়িতে বাধ্যতামূলকভাবে স্নো চেইন রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *