মৃত মাকে নিয়ে কুরুচিকর কমেন্ট! সোশ্যাল মিডিয়া ছাড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী

কলকাতা- সোশ্যাল মিডিয়ার শিল্পীদের ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু নয়। তবে এবার সেই আক্রমণের ভাষা সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে গেল।

জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে ‘চটি চাটা’ বলে কটাক্ষ। তার পাশাপাশি টেনে আনা হল তাঁর মৃত মাকেও।

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন গায়িকা। বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক লাইভে এসে তিনি সাফ জানিয়ে দিলেন, ব্যক্তিগত জীবনকে আর নেটদুনিয়ার সামনে আনবেন না তিনি।

সম্প্রতি নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন ছবি পোস্ট করেছিলেন ইমন। সেই পোস্টের কমেন্ট বক্সেই জনৈক ব্যক্তি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। সেখানে লেখা হয়, “মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।”

লাইভে এসে ইমন বলেন, “আমি সব রকমের গান গেয়েছি, পাঁচালিও গেয়েছি। তাতে আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নেই, তাহলে আপনার কীসের সমস্যা?”

তিনি স্পষ্ট করেন, সাধারণ মানুষের এই ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। গায়িকা জানান, আগে তিনি পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন, কিন্তু এই বিষাক্ত পরিবেশের কারণে তিনি আর কোনো ব্যক্তিগত পোস্ট করবেন না।

ইমন সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এখন থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেবেন। তবে তাঁর কাজের খবরাখবর বা গান সংক্রান্ত পোস্টগুলো যথারীতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *