কলকাতা- এবার হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক!
মেদিনীপুরে শো করতে গিয়ে চরম বিপত্তির শিকার হলেন তিনি। একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছে, এদিন গান পরিবেশন করতে করতেই মঞ্চ থেকে নামেন স্নিগ্ধজিৎ। হাত মেলাচ্ছিলেন সামনে থাকা শ্রোতাদের সঙ্গে। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে বলেন মঞ্চে ফেরত যেতে। স্বাভাবিকভাবে এতে বেজায় ক্ষুব্ধ হন স্নিগ্ধজিৎ।
একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে যে, মেজাজ হারিয়েছেন স্নিগ্ধজিৎ। মঞ্চে উঠেই এই গোটা ঘটনার কড়া নিন্দা করেন। বলেন, ‘ভালোভাবেও তো বলতে পারতেন, আপনার থেকে আমি জুনিয়র।’
মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আয়োজিত সেই মেলাতেই বুধবার রাতে অংশ নিয়েছিলেন স্নিগ্ধজিত ভৌমিক।
ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা ড: শঙ্কর গুছাইতের প্রশ্ন, ‘এ রাজ্যে কি আদৌ নিরাপদ শিল্পীরা? বাংলায় আইনের শাসন নেই। শিল্পী সরকারি অনুষ্ঠানে এসেও হেনস্থার শিকার। এখানে কেউই সুরক্ষিত নন।’
এদিকে তৃণমূল নেতা বুদ্ধ মণ্ডল বলেন, ‘আমার কাছে খবর, তিনি গান করতে করতে নেমে আসছিলেন, সেখানে কেউ তাঁকে বাধা দিয়েছেন, সেটা নিরাপত্তাজনিত কারণেও হতে পারে। আমাদের গোটা ব্যাপারটা খতিয়ে দেখতে হবে’!
পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন লগ্নজিতা চক্রবর্তী মাসখানেক আগেই। আর যেই ব্যক্তির হাত ছিল এই ঘটনায়, সেও তৃণমূল কর্মী। লগ্নজিতা ‘জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে ওই ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁকে ‘সেক্যুলার গান’ গাইতে বলা হয়। এখানেই শেষ নয়, সেই ব্যক্তি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন।
