কলকাতা- আর শুধু বিহার নয়, এবার দেশজুড়ে বিশেষ সংশোধন পর্ব (Special Intensive Revision – SIR) শুরু হতে চলেছে ১লা আগস্ট ২০২৫ থেকে। বিহার ছাড়া বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নির্দেশ কার্যকর হবে।
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহার বাদ দিয়ে দেশের বাকি সব রাজ্যের ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকার সংশোধনের আগে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে অতি দ্রুত। বিশেষ করে, যেসব ভোটকেন্দ্রে ১২০০-র বেশি ভোটার রয়েছেন, সেগুলোর পুনর্বিন্যাস, খালি পড়ে থাকা BLO ও BLO সুপারভাইজারের পদ পূরণ, এবং অতিরিক্ত BLO নিযুক্ত করা এই প্রস্তুতির অন্তর্ভুক্ত।
কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, Booth Level Officer (BLO) এবং BLO Supervisor-দের আগামী সংশোধন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। একজন BLO শুধুমাত্র একটি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন এবং কোনও Supervisor যেন ১০টির বেশি কেন্দ্রের দায়িত্ব না পান, সে দিকেও নজর দিতে হবে।
এছাড়াও রাজনৈতিক দলগুলিকে সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মনোনীত Booth Level Agents (BLA)-দের দ্রুত নিযুক্ত করার কথা বলা হয়েছে, যাতে সংশোধন পর্ব চলাকালীন ভোটার তালিকায় কোনও গলদ থাকলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত ও সংশোধন করা যায়।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য থেকে কত BLO, BLO Supervisor ও BLA নিযুক্ত করা হয়েছে এবং মোট কতগুলি কেন্দ্র আছে — সেই তথ্য দ্রুত কমিশনে পাঠাতে হবে। একটি গুগল ফর্মও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, যার মাধ্যমে এই তথ্য আগে থেকেই জমা দেওয়া যেতে পারে।
