স্মার্ট মিটার বসানো হবে না, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্যে বিদ্যুৎ দফতর

কলকাতা – স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল বেশি আসছে! একের পর এক অভিযোগ করছিলেন বেশ কিছু উপভোক্তা।

এবার রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হল, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে।

সম্প্রতি হুগলির ব্যান্ডেলের এক বাসিন্দা অভিযোগ জানান, স্মার্ট মিটার বসানোর পর এক মাসে তাঁর বিদ্যুতের বিল এসেছে ১২ হাজার টাকা, যা সাধারণের তুলনায় অনেকটাই বেশি। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রতিবাদের পথে হেঁটেছে রাজ্যের সকল বিরোধী দল।

ঘটনা প্রসঙ্গে সিপিএমের বক্তব্য, জোর করে প্রিপেড মিটার বসাতে রাজ্যবাসীকে বাধ্য করে বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণ করা হচ্ছে। তাঁরা এও অভিযোগ তুলেছে, যেহেতু এটা প্রিপেড ব্যবস্থা, সেই কারণে যদি কারও নির্দিষ্ট প্ল্যানের টাকা শেষ হয়ে যায় তবে মাঝ রাতেও কেটে যেতে পারে বিদ্যুৎ সংযোগ। কৃষকেরাও বিপুল ক্ষতীর সম্মুখীন হবে বলেও দাবি করেছিল তাঁরা।

সেই সময় এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস। কিন্তু এবার সেই রাজ্য সরকারের তরফেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আপাতত বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *