‘বিধবা হলেই বিয়ের সুযোগ’, হনিমুনে স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন সোনমই!

কলকাতা: ২৩ মে, মেঘালয়ের হনিমুনের মাঝে ভয়ানক কাণ্ড। সেই সময় নির্জন পাহাড়ি অঞ্চলে ছবি তোলার নাম করে স্বামী রাজা রঘুবংশীকে নিয়ে বেরিয়ে পড়েন নববধূ সোনম রঘুবংশী। অথচ সেই ছবির ফ্রেমে শেষপর্যন্ত ধরা পড়েননি রাজা, বদলে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে হত্যা করার অভিযোগ ওঠে সোনমের বিরুদ্ধে।

এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য। তদন্তকারীদের অনুমান, এটা কোনও হঠাৎ সংঘটিত হত্যাকাণ্ড নয়। স্বামীকে সরিয়ে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলেন সোনম। কিন্তু সেই পরিকল্পনায় তাঁর সবচেয়ে বড় সহযোগী ছিল কে? তার প্রেমিক রাজ সিংহ কুশওয়াহা! জানা গিয়েছে, সোনম রাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিধবা হয়ে গেলে রাজকেই নিজের জীবনসঙ্গী করবেন তিনি। মেঘালয় পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে, ঘটনাটি ঘটার সময় রাজ সোনমের সঙ্গেই ছিলেন।

সোনম ও রাজ ছাড়াও এই মামলায় এখনও পর্যন্ত ধরা পড়েছে আরও তিনজন। প্রাথমিক অনুমান, এই তিনজনই সেই ভাড়াটে খুনি। সোনম নাকি রাজাকে খুন করার জন্য ভাড়াটে খুনিদের ২০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। তাৎক্ষনিক ১৫ হাজার টাকা অ্যাডভান্সও নাকি দিয়েছিলেন তিনি।

তদন্তকারীদের আরও দাবি, রাজ আর সোনমের সম্পর্ক ছিল অনেকদিনের। ২১ বছর বয়সি রাজ সোনমদের পরিবারের সানমাইকার দোকানে কাজ করতেন। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। বিয়ের পরেও ফোনে চলত কথোপকথন। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে একাধিক কথোপকথনের রেকর্ড প্রমাণ হিসেবে পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *