ফের অসুস্থ সোনিয়া গান্ধি! সিমলায় ঘুরতে গিয়ে ভর্তি হলেন হাসপাতালে

নয়াদিল্লি – ফের অসুস্থ হয়ে কংগ্রেসে প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি। সিমলায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই অসুস্থবোধ করায় তাঁকে তড়িঘড়ি সিমলায় অবস্থিত ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে সিমলায় গিয়েছেন সোনিয়া গান্ধি। সেখানে মেয়ে প্রিয়াংকা গান্ধির বাগানবাড়িতে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হালকা অসুস্থবোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কিছু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে রুটিন চেকআপের জন্য সোনিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। মেডিকেল কলেজের তরফে সোনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও সোনিয়াকে দেখতে হাসপাতালে যাবেন বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে ৭৮ বছর বয়সি প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর। সেজন্য নিয়মিত চেকআপ চলতেই থাকে তাঁর। এর আগে দু’বার করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *