ভারতের নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! সোনিয়া গান্ধিকে নোটিশ আদালতের

কলকাতা- ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল বলে অভিযোগ। এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

মঙ্গলবার সোনিয়ার বহু বিতর্কিত নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে একটি চ্যালেঞ্জ মামলায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ও পুলিশের জবাব জানতে চাওয়া হয়েছে।

সোনিয়ার বহু প্রাচীন নাগরিকত্ব বিতর্ক ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একটি ফৌজদারি রিভিশন আবেদনে সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার আর্জি উঠেছে। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন ১৯৮৩ সালে। অথচ, ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছে কী করে?

এই কারণে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের দাবি তোলা হয়েছে আবেদনে। বিশেষ বিচারক বিশাল গগনে এদিন সোনিয়া ও দিল্লি পুলিশের কাছে বিকাশ ত্রিপাঠীর করা আবদনের প্রেক্ষিতে তাঁর জবাব চেয়েছেন।

সোনিয়ার বিরুদ্ধে এফআইআর করতে চাওয়ার নির্দেশ দিতে অস্বীকার করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক আদালত। তাকেই চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়েছে। সোনিয়ার আইনজীবীর বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *