‘১৫ ওভারের পর ম্যাচই দেখিনি,’ ভারত-পাক ম্যাচ নিয়ে বড় দাবি সৌরভের, হ্যান্ডশেক বিতর্কে বললেন না একটিও কথা!

কলকাতা- এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। ২২ গজে পাকিস্তানকে ল্যাজেগোবরে করেছে সূর্য কুমার যাদবের দল। ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। এই হ্যান্ডশেক বিতর্ক থামার নাম নিচ্ছে না।

দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে নিজেদের মতামত রেখেছেন। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে যেন ধরি মাছ না ছুঁই পানি!

সূর্যকুমারদের নো-হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সোমবার প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে প্রশ্ন রাখা হয়েছিল।

মহারাজ বলেন, ‘আপনার উচিত অধিনায়ককে জিজ্ঞাসা করা যে তিনি কী করেছেন এবং কেন তিনি এটি করেছেন। আমি অনেক দূরে। আমি আমার এথনিক ব্র্যান্ড চালু করছি। আমার কাছে এর উত্তর নেই’।

সৌরভ আরও বলেন, গোটা ম্যাচ বসে দেখেননি তিনি। কারণ ম্যাচে কোনও প্রতিযোগিতাই ছিল না। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন,ম্যাচের প্রথম ১৫ ওভারের পরে তিনি টিভির চ্যানেল বদলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখছিলেন। কারণ এখন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ‘কোনও প্রতিযোগিতা’ নেই।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান কোনও দলই নয়। আমি শ্রদ্ধার সাথে বলছি, কারণ আমি দলটি কী তা দেখতে পাচ্ছি, এই (পাকিস্তান) দলের মানের অভাব। ভারতীয় দল এই ম্যাচটি খেলেছে বিরাট ও রোহিতকে ছাড়াই, যারা এত দীর্ঘ সময় ধরে তারকা ছিলেন’।

সৌরভ বলেন, ‘ভারত ক্রিকেটে অনেক এগিয়ে। পাকিস্তান এবং এশিয়া কাপের যে কোনও দল থেকে। এক বা দুই দিন থাকবে যখন তারা পরাজিত হবে, তবে বেশিরভাগ দিন তারা সেরা দল। এবং আমি যা দেখেছি তাতে আমি অবাক হইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *